বলিউডের পর্দায় শাহরুখ খানের রোমান্স ও রাজকীয় ব্যক্তিত্বে বুঁদ হয়ে থাকেন কোটি কোটি ভক্ত। বিশ্বজুড়ে ‘কিং খান’ হিসেবে পরিচিত হলেও নিজের বাড়িতে নাকি তার খুব একটা স্বাধীনতা নেই! কৌতুকের ছলে এমন কথাই বিভিন্ন সময় স্বীকার করেছেন খোদ শাহরুখ খান নিজেই। পর্দার রোমান্টিক হিরো বাস্তবে তার স্ত্রী গৌরী খানের কাছে যে বেশ খানিকটা তটস্থ থাকেন, তা আর বলার অপেক্ষা রাখে না।
বলিউড অন্দরে গুঞ্জন ও বিভিন্ন সাক্ষাৎকারের তথ্য অনুযায়ী, বিলাসবহুল ‘মান্নাত’ কিংবা অন্যান্য প্রপার্টির অন্দরমহল সাজানোর ক্ষেত্রে সর্বেসর্বা হলেন প্রখ্যাত ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান। ঘরের টুকিটাকি সাজসজ্জা থেকে শুরু করে আসবাবপত্র নির্বাচন,সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত নেন গৌরী নিজেই। এ বিষয়ে শাহরুখ খান একাধিকবার রসিকতা করে বলেছেন, বাড়িতে তার কোনো স্বাধীনতা বা মতামত প্রকাশের অধিকার নেই বললেই চলে!
শাহরুখের ভাষ্যমতে, তিনি যদি বাড়ির কোনো কিছু নিজের পছন্দমতো সাজাতে যান বা মতামত দিতে চান, তবে স্ত্রী গৌরীর আপত্তির মুখে পড়তে হয়। গৌরী যেহেতু পেশাদার একজন সফল ইন্টেরিয়র ডিজাইনার, তাই ঘরের ডিজাইন ও নান্দনিকতার পুরো নিয়ন্ত্রণ তার হাতেই থাকে। ঘরের কোনো কিছুতেই গৌরীর অনুমতি বা মতের বাইরে যাওয়ার সাহস পান না বলিউড বাদশা।
তবে স্ত্রীর প্রতি এই নির্ভরতা ও সম্মানকে শাহরুখ সবসময় এক প্রকার ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেই দেখান। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে চলা এই দম্পতির বোঝাপড়া এবং রসায়ন ভক্তদের কাছে সবসময়ই অন্যতম আকর্ষণের বিষয়। পর্দায় শত কোটি দর্শকের হৃদয় জয় করা শাহরুখ যে ঘরের কোণায় এসে পুরোপুরি ‘পারিবারিক মানুষ’, এই ঘটনা তারই এক মিষ্টি প্রমাণ।