সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে অলৌকিক ক্ষমতা ও তান্ত্রিক পরিচয়ের আড়ালে অভিনব প্রতারণার জাল বিছিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগে মিজানুর রহমান (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পারিবারিক সমস্যা সমাধান এবং প্রেমের সম্পর্ক ঠিক করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে তিনি ধাপে ধাপে সাড়ে ছয় লাখ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর কল্যাণপুরে পিবিআইয়ের এসআইঅ্যান্ডও (উত্তর) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য জানান বিশেষ পুলিশ সুপার মো. আবদুর রহমান।
পিবিআই জানায়, গত ১৬ অক্টোবর জামালপুর সদর উপজেলার চর যথার্থপুর ভাটিপাড়া গ্রাম থেকে বিশেষ অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একাধিক সিম কার্ড জব্দ করা হয়। পরে আদালতে হাজির করা হলে তিনি নিজের অপরাধ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
তদন্তে জানা যায়, টিকটকে ‘তান্ত্রিক গুরু জীবন কবিরাজ’ নামে একটি অ্যাকাউন্ট খুলে নিজেকে কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদের খাদেম হিসেবে পরিচয় দিতেন মিজান। বিশ্বাস অর্জনের জন্য প্রাচীন কবিরাজি উপাদান,যেমন হাড়, মাছ, পাখি ও বিভিন্ন প্রাণীর অবয়ব বা ভিডিও তৈরি করে টিকটকে আপলোড করতেন তিনি। ভুক্তভোগী নারী টিকটকে এমন একটি ভিডিও দেখে পারিবারিক সমস্যা সমাধানের আশায় তাঁর সঙ্গে ইমো ও মোবাইল নম্বরের মাধ্যমে যোগাযোগ করেন।
এরপর কবিরাজির বিভিন্ন উপকরণ কেনার কথা বলে গত ২৬ জানুয়ারি থেকে ১৫ জুনের মধ্যে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ওই নারীর কাছ থেকে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন মিজান। কিন্তু সমস্যার কোনো সমাধান না পেয়ে ভুক্তভোগী টাকা ফেরত চাইলে প্রতারক তান্ত্রিক তাঁকে অলৌকিক শক্তির ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন। উপায় না পেয়ে গত ৪ জুলাই ভুক্তভোগী নারী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ১০ অক্টোবর মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
সংবাদ সম্মেলনে পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার আবদুর রহমান জানান, ধর্মীয় বিশ্বাস, কুসংস্কার ও সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে একটি চক্র দীর্ঘদিন ধরে এই ধরনের প্রতারণা করে আসছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কথিত তান্ত্রিক বা কবিরাজদের অলৌকিক প্রতিশ্রুতির ফাঁদে পা না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি জোরালো আহ্বান জানান তিনি। পাশাপাশি এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পিবিআই।
মন্তব্য করুন