পঞ্চগড়ের বোদায় সরকারি নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে পাচারের সময় ১২০ বস্তা ডিএপি সারসহ একটি ট্রাক্টর জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত বিসিআইসি অনুমোদিত ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স নুরনবী এন্টারপ্রাইজ’-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সার বিক্রি তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং তাদের ডিলারশিপ চূড়ান্তভাবে বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সাতখামার এলাকায় বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড ও সিদ্ধান্ত ঘোষণা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সাতখামার এলাকার গুদাম থেকে ১২০ বস্তা ডিএপি সার ট্রাক্টরে তুলে পার্শ্ববর্তী আটোয়ারী উপজেলার এক খুচরা ব্যবসায়ীর কাছে কালোবাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি টের পেয়ে বোদা পৌরসভার সাবেক কাউন্সিলর শাহজাহান আলমসহ স্থানীয় বাসিন্দারা ট্রাক্টরটি আটক করেন। খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও বোদা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারসহ যানবাহনটি জব্দ করে।
পরবর্তীতে মঙ্গলবার দুপুরে বিষয়টির সুষ্ঠু তদন্ত শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জব্দকৃত ১২০ বস্তা সার স্থানীয় সাধারণ ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিতরণ করে দেয় উপজেলা প্রশাসন। ইউএনও রবিউল ইসলাম জানান, কৃষকদের অধিকার ক্ষুণ্ন করে সরকারি সার পাচার বা কালোবাজারির যেকোনো চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
মন্তব্য করুন