রাশিয়া ও ইউক্রেন সংঘাতের মধ্যে আর কখনোই পরস্পরের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালাবে না বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ঘোষণা করেছেন যে, দুই পক্ষই একটি ‘জ্বালানি যুদ্ধবিরতি’র (Energy Ceasefire) বিষয়ে নিজেদের সম্মতি জানিয়েছে। ট্রাম্প এই সমঝোতাকে মেনে চলার এবং চুক্তি ভঙ্গ না করার জন্য উভয় দেশের প্রতি আহ্বান জানান।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই আকস্মিক ঘোষণার পর রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, এই চুক্তির প্রক্রিয়া বা বিস্তারিত বিবরণ সম্পর্কে তাঁকে আগে থেকে কিছুই জানানো হয়নি। তিনি স্পষ্ট করেছেন যে, ওয়াশিংটন এ বিষয়ে আনুষ্ঠানিক তথ্য না দেওয়া পর্যন্ত ইউক্রেন কোনো মন্তব্য করতে পারছে না।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় জেলেনস্কি বলেন, তিনি ন্যাটোর মহাসচিব মার্ক রুটে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক ক্র্যানি এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। ইউক্রেন সর্বদা যেকোনো টেকসই যুদ্ধবিরতির পক্ষে অবস্থান গ্রহণ করে উল্লেখ করে তিনি জানান, রাশিয়াকেও তা আন্তরিকভাবে মেনে চলতে হবে। আপাতত মার্কিন প্রশাসনের কাছ থেকে বিস্তারিত ও সুনির্দিষ্ট তথ্যের অপেক্ষায় রয়েছে কিয়েভ।
মন্তব্য করুন