চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে পড়ে বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার রাতে শিবগঞ্জের চৌডালা-কানসাট সড়কের পুসকুনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার কানসাট ইউনিয়নের বাবুবাজার এলাকার আয়েস উদ্দিন, তার ছেলে শরিফুল ইসলাম এবং শিবনারায়ণপুর গ্রামের আব্দুল হাকিম। স্বজনদের সূত্রে জানা যায়, তারা স্থানীয় একটি হাট থেকে গরু কিনে ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পুসকুনি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে যানটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আয়েস উদ্দিন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় অপর দুজন মারা যান। অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন