রাজধানীর মিরপুরে বেসরকারি সংস্থা ‘রাড্ডা এমসিএইচ’ কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রে আকস্মিক ভাঙচুর এবং পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা ও অবহেলার অভিযোগে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের এক আদেশে তাঁকে থানা থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
গত বৃহস্পতিবার গভীর রাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে রাড্ডা এমসিএইচ-এর পাকা ও সেমিপাকা ভবনগুলো ভেঙে ফেলা হয় এবং হামলাকারীরা সেখানে নতুন সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। এ ঘটনায় সংস্থার পক্ষ থেকে টিকাদান সামগ্রী লুটপাট ও ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ এনে স্থানীয় বিএনপি নেতা হানিফসহ ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে শাহআলী থানায় একটি মামলা দায়ের করা হয়। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ জানিয়েছিলেন যে, এ ঘটনায় পুলিশের কোনো ধরনের গাফিলতি বা অবহেলা ছিল কি না, তা কঠোরভাবে তদন্ত করে দেখা হবে। তারই প্রেক্ষিতে এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলো।
মন্তব্য করুন