মাধ্যমিক শিক্ষায় পুরো শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে এবং আগামী ২০২৮ সাল থেকে দেশে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তৃতীয় ঢাকা-চায়না ডে-২০২৬ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন এবং বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে উচ্চশিক্ষার মান বাড়াতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) আরও কঠোর করা হয়েছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। দেশে বর্তমানে ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং শিক্ষার মান নিশ্চিতকরণে একটি শক্তিশালী ‘বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল’ গঠন করা হয়েছে। এছাড়া মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি মোনাশ ইউনিভার্সিটি দেশে তাদের ক্যাম্পাস খোলার আগ্রহ প্রকাশ করেছে এবং সরকার তা বাস্তবায়নে কাজ করছে বলে তিনি জানান।
শিক্ষায় সর্বোচ্চ বাজেট বরাদ্দের কথা উল্লেখ করে ড. মিলন বলেন, অতীতে জিডিপির মাত্র ১.৩৯ শতাংশ বরাদ্দ থাকলেও বর্তমানে তা অনেক বাড়ানো হয়েছে এবং প্রধানমন্ত্রী এটি ৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাই বাজেটের কোনো সংকট নেই এবং চীন বা পশ্চিমা দেশের আদলে দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও উন্নত করাই সরকারের মূল মিশন। তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে এবং নেতিবাচকতা দূর করে সমাজ পরিবর্তনে শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
মন্তব্য করুন