পাবনার সাঁথিয়ায় আব্দুল আজিজ (৫৫) নামের এক পেঁয়াজ ব্যবসায়ীকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকার মানিকের পুকুর থেকে পুলিশ তার ভাসমান মরদেহ উদ্ধার করে। নিহত আব্দুল আজিজ সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গামাজ গ্রামের প্রয়াত সেকেন সরদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আব্দুল আজিজ সোমবার (৭ সেপ্টেম্বর) এশার নামাজের পর বাড়ি থেকে বের হন এবং এরপর রাতে আর বাড়ি ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মিয়াপুর মিনারপাড়া এলাকায় মানিকের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে সাঁথিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের গলাকাটা লাশ উদ্ধার করে এবং পরিবারের সদস্যরা এসে তা আব্দুল আজিজের মরদেহ বলে শনাক্ত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, নিহতের গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পুলিশ দ্রুত এই নির্মম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং এর সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে।
মন্তব্য করুন