বিয়ের পর থেকেই ওপার বাংলার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি এবং বাংলাদেশি জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার দাম্পত্য জীবন নিয়ে নানা সময়ে বিভিন্ন গুঞ্জন শোনা গেছে। সময়ের সঙ্গে সঙ্গে সেই জল্পনা যেন আরও জোরালো রূপ নিয়েছে। এই বিচ্ছেদের আলোচনা নিয়ে অভিনেত্রী মিথিলা বরাবরই নীরবতা পালন করে আসলেও, এবার নির্মাতা সৃজিতের একটি সাম্প্রতিক সাক্ষাৎকার নতুন করে উসকে দিয়েছে পুরোনো সব গুঞ্জন। সাক্ষাৎকারে নিজের একাকীত্ব ও সঙ্গীর অভাবের কথা খোলামেলাভাবে বলায় নেটদুনিয়ায় প্রশ্ন উঠেছে তাহলে কি সত্যিই ভাঙনের মুখে পড়েছে সৃজিত-মিথিলার সংসার?
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন, একাকীত্ব ও নিঃসঙ্গতা নিয়ে কথা বলেন সৃজিত। উপস্থাপিকার করা ‘তুমি কি একাকীত্ব বোধ করো?’ এমন প্রশ্নের জবাবে অকপটে এই নির্মাতা বলেন, ‘কখনও কখনও করি... হ্যাঁ, কখনও কখনও।’ তবে এই নিঃসঙ্গতা বা একাকীত্ব কাটাতে নিজের মতো করে উপায়ও খুঁজে নেন তিনি। খেলাধুলা, গান শোনা, বন্ধুদের সঙ্গে আড্ডা এবং কাজের ব্যস্ততার মধ্যেই নিজের মন ভালো রাখার রসদ খুঁজে নেন বলে জানান সৃজিত।
বিবাহিত জীবনের আলাপচারিতার মাঝে সৃজিতের এমন মন্তব্যের পরেই শুরু হয়েছে নতুন আলোচনা। এর সঙ্গে অতীতে বিভিন্ন প্রাক্তনের সঙ্গে তার বর্তমানের সুসম্পর্ক এবং অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তার নাম জড়িয়ে নানা গুঞ্জন চারদিকে ডালপালা মেলছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মনে তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন দানা বাঁধছে। তবে এসব জল্পনা-কল্পনার বাইরে সৃজিত ও মিথিলার মাঝে চূড়ান্ত কোনো বিচ্ছেদ হয়েছে কি না, সে বিষয়ে এই দম্পতির কেউই এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক বা নিশ্চিত তথ্য দেননি। ফলে আপাতদৃষ্টিতে এই বিচ্ছেদের গুঞ্জনটি কেবল জল্পনার পর্যায়েই সীমাবদ্ধ রয়েছে।
উল্লেখ্য, ২০০৬ সালের ৩ আগস্ট জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মিথিলা। দীর্ঘ ১১ বছর সংসার করার পর ২০১৭ সালের জুলাইয়ে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর ২০১৯ সালের ৬ ডিসেম্বর কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
মন্তব্য করুন