সৌদি আরবের সামরিক সক্ষমতা জোরদার করতে প্রায় ৫৭৫ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতির বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’ এ তথ্য জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণা অনুযায়ী, এই চুক্তির আওতায় সৌদি আরবের কাছে প্রায় ৫০০ কোটি ডলারের ‘জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশনস-এক্সটেন্ডেড রেঞ্জ’ বা জেডিএএম-ইআর বিক্রির প্রস্তাব অনুমোদন করা হয়েছে, যার প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান হলো মার্কিন বিমান নির্মাতা কোম্পানি বোয়িং। পাশাপাশি, প্রায় ৭৫ কোটি ডলার ব্যয়ে ট্যাংক ও সামরিক যানের জন্য ‘এজিটি-১৫০০’ ইঞ্জিন বিক্রিরও অনুমোদন দেওয়া হয়েছে, যার মূল ঠিকাদার হানিওয়েল (Honeywell)।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করা হলে তা সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এছাড়া বর্তমান ও ভবিষ্যৎ আঞ্চলিক হুমকি মোকাবিলা, নিজ ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মার্কিন ও উপসাগরীয় মিত্রদের সামরিক ব্যবস্থার সঙ্গে সমন্বয় বাড়াতেও এই চুক্তি বড় ধরনের ভূমিকা রাখবে। ওয়াশিংটনের মতে, প্রধান অ-ন্যাটো মিত্র হিসেবে সৌদি আরবের নিরাপত্তা জোরদারের মাধ্যমে এই চুক্তি যুক্তরাষ্ট্রের নিজস্ব পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণেও সহায়ক হবে।
মন্তব্য করুন