বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড নিষিদ্ধ ও শর্তবহির্ভূত স্মরণ করিয়ে দিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে দূতাবাসের ভেরিফায়ার্ড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এই বিধিনিষেধগুলো স্পষ্ট করা হয়।
বার্তায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, সন্তানের মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্মদান বা ‘বার্থ ট্যুরিজম’ বি১/বি২ ভিসার আওতায় সম্পূর্ণ অনুমোদিত নয়। এছাড়া ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো মার্কিন নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়ার উদ্দেশ্যে চাকরি বা কাজ করা যাবে না। একই সঙ্গে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ডিগ্রি বা একাডেমিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পূর্ণকালীন পড়াশোনা করা কিংবা পারিশ্রমিকের বিনিময়ে কর্মসংস্থানে যুক্ত হওয়াও এই ভিসার শর্তের স্পষ্ট লঙ্ঘন।
ভিসার শর্ত না মেনে এ ধরনের কার্যকলাপে জড়ালে তা আইনি জটিলতা তৈরি করতে পারে, তাই ভ্রমণের আগে নাগরিকদের ভিসা সংক্রান্ত নিয়মাবলী ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও ভিসার শর্ত লঙ্ঘন ও ক্লাস বিমুখতার বিষয়ে একটি সতর্কবার্তা জারি করেছিল মার্কিন দূতাবাস।
মন্তব্য করুন