আদালতে হাজিরা শেষে গাজীপুরের কারাগারে ফিরিয়ে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে শৌচাগারের কথা বলে পালিয়ে যাওয়া ২৫ মামলার শীর্ষ আসামি ‘পিচ্চি রাজা’র ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ঢাকা থেকে প্রিজন ভ্যানে করে কাশিমপুর কারাগারে নেওয়ার সময় গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে প্রাকৃতিক কাজের কথা বলে শৌচাগারে যান পিচ্চি রাজা। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে তিনি কৌশলে পালিয়ে যান। চলতি বছরের মে মাসে বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার হওয়া পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২৫টিরও বেশি মামলা রয়েছে। ঘটনার তদন্তে ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন