বগুড়ার ধুনট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের সীমানা প্রাচীরে আঁকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান লিখে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ নভেম্বর) সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেলে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বগুড়ার ধুনট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লবকে কেন্দ্র করে দেয়ালে আঁকা প্রতিবাদী গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান লেখার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে এই চিত্র চোখে পড়লে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ধুনট সরকারি ডিগ্রি কলেজের প্রধান ফটক, উপজেলা পরিষদের প্রধান গেট, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়, ভরণশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরের দেয়ালে আঁকা গ্রাফিতির ওপর এই স্লোগান দেখা যায়। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের আঁধারে কোনো এক সময় দুর্বৃত্তরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ ঘটিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার বিভিন্ন দেয়ালে প্রতিবাদী এসব চিত্রকর্ম আঁকা হয়েছিল। তৎকালীন শাসনের বিরোধিতার পাশাপাশি এসব গ্রাফিতিতে দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা ফুটিয়ে তোলা হয়। কিন্তু সকালে সেসব চিত্রকর্মের ওপর নতুন করে লেখা স্লোগান দেখে হতবাক হন তারা।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, দুর্বৃত্তরা অন্য যেকোনো ফাঁকা দেয়ালে স্লোগান লিখতে পারত, কিন্তু গ্রাফিতির ওপর লিখে তারা সরাসরি জুলাই বিপ্লবের চেতনার ওপর আঘাত করেছে। বোরহান উদ্দিন নামের এক শিক্ষার্থী জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
গ্রাফিতিগুলো অঙ্কনে মুখ্য ভূমিকা পালনকারী জুলাই যোদ্ধা এস. এম জাকির হোসেন অভিযোগ করে বলেন, রাতের আঁধারে কোনো অপশক্তি এই ঐতিহাসিক চিত্রকর্মগুলো নষ্ট করেছে। স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এই ন্যক্কারজনক কাজটি করেছে দাবি করে তিনি দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সুরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ বলেন, গোপনে রাতের অন্ধকারে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেয়ালে স্লোগান লিখে এলাকায় অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল ও সংশ্লিষ্ট দেয়ালগুলো পরিদর্শন করেছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।