অনিয়ম ও জালিয়াতির কারণে সংকটে পড়া ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) আমানতকারীদের অর্থ ফেরত দিতে সরকারের কাছে ২ হাজার ৭০৬ কোটি ৬১ লাখ টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে চারটি প্রতিষ্ঠানের জরুরি আমানত পরিশোধে প্রায় দেড় হাজার কোটি টাকার সরকারি অনূদান চাওয়া হয়েছে।
নানা অনিয়ম, দুর্নীতি ও ঋণের নামে অর্থ আত্মসাটের কারণে চরম সংকটে পড়া ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরত দিতে সরকারের কাছে মোট ২ হাজার ৭০৬ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দ চেয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের এক জরুরি চিঠিতে সম্প্রতি এই অর্থ বরাদ্দ বা অনুদান চাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পর্ষদে অনুমোদিত ‘আমানত পরিশোধ কাঠামো’ এবং ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫’ অনুযায়ী সংকটাপন্ন প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন বা রেজল্যুশন প্রক্রিয়ায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন কাঠামো অনুযায়ী ১০ লাখ টাকা পর্যন্ত আমানতকারীদের শতভাগ অর্থ অগ্রাধিকার ভিত্তিতে ফেরত দেওয়া হবে এবং আমানতের পরিমাণ বাড়ার সাথে সাথে ধাপে ধাপে ফেরতের অনুপাত কমবে।
তালিকায় থাকা ৯টি প্রতিষ্ঠানের মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স এবং ফারইস্ট ফাইন্যান্স এই চারটির রেজল্যুশন কার্যক্রম জরুরি ভিত্তিতে পরিচালনার জন্য ১ হাজার ৪৪৯ কোটি ৫৮ লাখ টাকা অনুদান চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই চার প্রতিষ্ঠানের মধ্যে আভিভা ফাইন্যান্সের জন্য সবচেয়ে বেশি ৭৪৪ কোটি ৮১ লাখ টাকা এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের জন্য ৫৫০ কোটি ৫৩ লাখ টাকা প্রয়োজন। এ ছাড়া এফএএস ফাইন্যান্সের ৮৪ কোটি ৯০ লাখ এবং ফারইস্ট ফাইন্যান্সের জন্য ৬৯ কোটি ৩৪ লাখ টাকা বাজেট ধরা হয়েছে। রেজল্যুশনে আনা এসব প্রতিষ্ঠানে ইতোমধ্যে প্রশাসক ও সহযোগী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে অপর ৫টি প্রতিষ্ঠানের জন্য ভবিষ্যতে ধাপে ধাপে আরও ১ হাজার ২৫৭ কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে পিপলস লিজিংয়ের মামলা আদালতে চলমান থাকায় আদালতের চূড়ান্ত রায় সাপেক্ষে ৭১১ কোটি ৮৮ লাখ টাকা বরাদ্দের জন্য পৃথক আবেদন করা হবে। এ ছাড়া আশু সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণের জন্য ৩ মাসের সময় পাওয়া প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং এবং বিআইএফসি—এই চার প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরাতে সম্ভাব্য ৫৪৫ কোটি ১৫ লাখ টাকা লাগতে পারে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, এসব প্রতিষ্ঠানের ঋণের বড় অংশই নামে-বেনামে বিতরণ করা হয়েছে এবং এর বিপরীতে পর্যাপ্ত জামানত না থাকায় সম্পত্তি বিক্রি করে দ্রুত অর্থ আদায়ের সুযোগ সীমিত। দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে থাকা ক্ষুদ্র ও সাধারণ আমানতকারীদের কষ্ট লাঘব এবং আর্থিক খাতে জনআস্থা ফেরাতে আপাতত পুরো অর্থ সরকারের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় ঋণ আদায় ও বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি থেকে পাওয়া অর্থ সরকারি তহবিলের সাথে সমন্বয় করা হবে।