শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু সালেহ আহমেদ (৬০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের আগে নলকুড়া ইউনিয়নের ভারুয়া বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।
শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবু সালেহ আহমেদ (৬০) নামে এক সাবেক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া বাজার জামে মসজিদে জুমার নামাজের আগে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত আবু সালেহ আহমেদ ভারুয়া গ্রামের প্রয়াত আব্দুর রহমানের ছেলে। তিনি ওই মসজিদের নবনির্বাচিত সভাপতি এবং নলকুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর রাজনৈতিক পরিচয়ের সত্যতা নিশ্চিত করেছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সুজা উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ দিন আগে ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি নির্বাচিত হন আবু সালেহ আহমেদ। তবে একই গ্রামের ছবের আলী তালুকদারের ছেলে আব্দুল মতিন ও তাঁর অনুসারীরা এই নির্বাচন মেনে নিতে আপত্তি জানিয়ে আসছিলেন।
শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ভেতরে এই কমিটি নিয়ে মতিনের পক্ষের লোকজন তর্ক শুরু করলে উভয়পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মতিনের পক্ষের লোকজন আবু সালেহ আহমেদের ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হয়ে মসজিদের ভেতরেই মাটিতে লুটিয়ে পড়েন।
পরে উপস্থিত মুসল্লিরা তাঁকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুর মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।