ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি ও ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের বৈঠক অনুষ্ঠিত। নারী ও শিশু কল্যাণে সহযোগিতা জোরদারের আহ্বান।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং বিশেষ করে নারী ও শিশু কল্যাণে স্বাধীনতার পর থেকেই ধারাবাহিক সহযোগিতার জন্য ইউনিসেফকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ,যেখানে নারী ও শিশুরা পূর্ণ মর্যাদা, সমান সুযোগ এবং মৌলিক পরিষেবাগুলো পাওয়ার অধিকার ভোগ করবে। পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং নারী প্রধান পরিবারগুলোকে সরাসরি আর্থিক সহায়তা দিতে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’-এর মতো ফ্ল্যাগশিপ উদ্যোগগুলোর কথা তিনি তুলে ধরেন। মায়েদের ক্ষমতাই পরোক্ষভাবে শিশুদের স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষার উন্নতিতে সরাসরি অবদান রাখবে বলে তিনি মন্তব্য করেন।
শিক্ষা ও স্বাস্থ্য খাতের নানা অগ্রগতির কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ঝরে পড়া রোধে মিড-ডে মিল বা স্কুল ফিডিং প্রোগ্রাম, প্রাথমিক থেকে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা এবং বিনামূল্যে বই বিতরণ জোরদার করা হয়েছে। পাশাপাশি গত দুই দশকে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সরকার প্রান্তিক স্বাস্থ্যসেবা, দক্ষ মিডওয়াইফ তৈরি এবং অবহেলিত জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বাজেট দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে এবং শিক্ষা খাতে বাজেট বাড়িয়ে জিডিপির ৫ শতাংশের কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে।
বাল্যবিয়ে রোধ, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট লিঙ্গভিত্তিক ঝুঁকি, ডিজিটাল মাধ্যমে নারীদের প্রতি সহিংসতা এবং কিশোর অপরাধ প্রতিরোধের বিষয়েও আলোচনায় গুরুত্ব দেওয়া হয়। ডিজিটাল মাধ্যমের অপব্যবহার বন্ধে প্রতিমন্ত্রী সম্প্রতি নিউইয়র্কে 'মেটা' (Meta) কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশে অফিস খোলার বিষয়ে করা বৈঠকের কথা তুলে ধরেন। এছাড়া বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসায় ইউনিসেফের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান তিনি।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বাংলাদেশ সরকারের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, শিশুমৃত্যুর হার হ্রাস, স্কুলে উপস্থিতির হার বৃদ্ধি, জন্ম নিবন্ধন এবং নিরাপদ খাবার পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণে বাংলাদেশের অগ্রগতি অত্যন্ত প্রশংসনীয়। আগামী দিনেও বাংলাদেশ সরকারের পাশে থেকে সব ধরনের সমর্থন অব্যাহত রাখার আশ্বস্ত করেন তিনি। বৈঠকে অন্যান্যদের মধ্যে বাংলাদেশে ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জিলিয়ান মেলসোপ, পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন