শিশু-কিশোরদের ডিজিটাল আসক্তি ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ইতালি। প্রস্তাব অনুযায়ী, ১৩ বছরের কম বয়সিদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ থাকবে, ১৩ থেকে ১৫ বছর বয়সিদের অ্যাকাউন্ট বাবা-মায়ের যেকোনো একজনের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে হবে এবং ১৬ বছর বয়স থেকে স্বাধীনভাবে ব্যবহারের সুযোগ মিলবে। আগামী ডিসেম্বরের শেষ নাগাদ পার্লামেন্টে নিরাপত্তা ডিক্রির সংশোধনীর মাধ্যমে এটি অনুমোদন পেতে পারে।
কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন ও কঠোর বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে ইতালি। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, দেশটিতে ১৩ বছরের কম বয়সি শিশুরা কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না। আর ১৩ থেকে ১৫ বছর বয়সিদের অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে বাবা-মায়ের যেকোনো একজনের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে। তবে ১৬ বছর বয়স পূর্ণ হলে তারা স্বাধীনভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ পাবে।
অস্ট্রেলিয়া, ব্রাজিল ও গ্রিসের মতো দেশগুলোর পর এবার ইতালিও অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপে এগিয়ে এসেছে। দেশটির পার্লামেন্টে চলমান একটি সরকারি নিরাপত্তা ডিক্রির সংশোধনীতে এসব বিধিনিষেধের প্রস্তাব রাখা হয়েছে, যা চলতি বছরের ডিসেম্বরের শেষ নাগাদ অনুমোদন পেতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, সংশোধনীটি এখনো আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে উত্থাপন করা হয়নি। তবে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থী জোটের সমর্থন থাকায় পার্লামেন্টের একাধিক সূত্রের ধারণা, এটি অনুমোদন পাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। মেলোনির দল ‘ব্রাদার্স অব ইতালি’-এর জ্যেষ্ঠ আইনপ্রণেতা ফাবিও রামপেল্লি এক বিবৃতিতে বলেছেন, সন্তানদের ডিজিটাল আসক্তি নিয়ে উদ্বিগ্ন অভিভাবকদের পাশাপাশি অপ্রাপ্তবয়স্কদের জন্যও এই সংশোধনী একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করতে পারে।
প্রস্তাবিত এই আইনে শিক্ষামূলক অ্যাপগুলোকে নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে ব্যবহারকারীদের বয়স যাচাই করতে হবে। এ লক্ষ্যে ইতালির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা এজিকম (AGCOM) আইনটি কার্যকর হওয়ার পরবর্তী নয় মাসের মধ্যে প্রয়োজনীয় নির্দেশিকা তৈরি করবে।
শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষাপটে এ উদ্যোগ এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম ও কনটেন্ট ব্যবস্থাপনা শিশুদের মানসিক স্বাস্থ্য সংকটে ভূমিকা রাখছে এমন শঙ্কা থেকে বিভিন্ন দেশে প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর চাপ বাড়ছে এবং অপ্রাপ্তবয়স্কদের অনলাইন নিরাপত্তা নিশ্চিতে সরকারগুলো কঠোর পদক্ষেপ নিচ্ছে।