
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এবং সংসদে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় রাজপথে নামার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। মঙ্গলবার (৭ এপ্রিল, ২০২৬) দুপুরে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জোটের এক জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলো বিএনপি উপেক্ষা করছে। তিনি স্পষ্ট জানান, গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত ১১ দলীয় জোট তাদের আন্দোলন চালিয়ে যাবে। এই লক্ষ্য বাস্তবায়নে আগামী ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত চার দিনের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
৯ এপ্রিল (বৃহস্পতিবার): ঢাকার শাহবাগে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ।
১১ এপ্রিল (শনিবার): সারা দেশের প্রতিটি উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল।
১২ এপ্রিল (রবিবার): দেশের সকল জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও বিশাল মিছিল।
১৩ এপ্রিল (সোমবার): ঢাকায় ‘গণভোটের রায় বাস্তবায়ন: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক বিশেষ সেমিনার।