
ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি; একই হামলায় অস্ত্র পরিবহনে ব্যবহৃত আরেকটি রুশ জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, গত রোববার লিবিয়ার একটি বন্দরে এই ড্রোন হামলা চালানো হয়।
অন্যদিকে পূর্ব লিবিয়া নিয়ন্ত্রণকারী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাশিয়ার একটি জাহাজ জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য বেনগাজি বন্দরে নোঙর করার পর সেটিতে বিস্ফোরণ ঘটেছে। তবে ওই বিস্ফোরণ ইউক্রেনের হামলার কারণেই ঘটেছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি এবং ইউক্রেনের এই দাবির বিষয়ে মস্কোর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।