
কুমিল্লা মহানগর মহিলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া আক্তারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (২২ নভেম্বর) রাতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) তৌকিক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শহরতলীর দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ডিসেম্বরকে সামনে রেখে মহিলা যুবলীগ নেত্রী সোনিয়া আক্তারের নেতৃত্বে নাশকতার পরিকল্পনা চলছিল। গোয়েন্দা তৎপরতা এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অবস্থান শনাক্তের পর তাঁকে আইনের আওতায় আনা হয়।
কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সোনিয়া আক্তারকে গ্রেফতার করা হয়েছে এবং নাশকতার মামলায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশের নিয়মিত সাঁড়াশি অভিযানের অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়।