
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েমের খাগড়াছড়ি সদরস্থ পৈতৃক বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় সমবেদনা জানিয়েছেন বিএনপি ও জামায়াতের দুই সংসদ সদস্য। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাদিক কায়েমের বাসায় যান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় তাঁরা সাদিক কায়েমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়ে সমবেদনা জানান এবং এ ধরনের অগ্নিসংযোগের চেষ্টার ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন।
পরিদর্শনকালে শাহজাহান চৌধুরী বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে এবং অপরাধীদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
আব্দুল ওয়াদুদ ভূঁইয়া জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশের মানুষকে মারতে মারতে পালিয়ে গেছে এবং আবার মানুষ হত্যা ও জানমালের ক্ষতি করে দেশে ফিরে আসতে চায়, যা কখনো সম্ভব নয়। অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের প্রশাসন ইতিমধ্যে শনাক্ত করেছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে খুব শিগগিরই তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। পরিদর্শন শেষে দুই সংসদ সদস্য সাদিক কায়েম ও তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।