
গোপালগঞ্জের কাশিয়ানীতে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় ইজিবাইক নিয়ে মাইকিং করা হয় এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এমন কর্মসূচির মাইকিংয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
মাইকিংয়ে জানানো হয়, রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার রামদিয়া (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। কর্মসূচিতে গোপালগঞ্জ জেলা (নিষিদ্ধঘোষিত) ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে প্রচার করা হয়।
এ বিষয়ে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) সভাপতি আজাদ হোসেন মুঠোফোনে জানান, রোববার দুপুরে রামদিয়ায় তাঁদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে এবং কর্মসূচি সফল করতেই উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। অন্যদিকে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, তিনি মাইকিংয়ের বিষয়টি শুনেছেন, তবে তাঁরা যেন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন এবং ওখানে তাঁদের কোনো হস্তক্ষেপ থাকবে না।