
বাসে হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে নীলাচল পরিবহণের এক বাসকর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পরিবহণটির ৭ থেকে ৮টি বাস আটকে রেখেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে কলেজের সামনে বাসগুলো আটক করা হয় এবং এ সময় ঢাকা কলেজের একদল শিক্ষার্থীও তাঁদের সঙ্গে যোগ দেন।
ভুক্তভোগী শিক্ষার্থী ফাল্গুনী জাহান বৃষ্টি ইডেন মহিলা কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর অভিযোগ, গত শুক্রবার (২০ নভেম্বর) সাভার যাওয়ার পথে নীলাচল পরিবহণের একটি বাসে হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে বাসটির এক কর্মী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।
বৃষ্টি জানান, বাসে ওঠার আগে বাসকর্মী তাঁর গন্তব্য জানতে চান। তিনি সাভার যাওয়ার কথা জানালে তাঁকে বাসে উঠতে বলা হয়। পরে বাসে শিক্ষার্থীদের পরিচয় জানতে চাইলে তিনি হাত তুলে নিজের পরিচয় দেন এবং পরিচয়পত্র দেখান। এরপর নিয়মিত যাতায়াতের মতো ৩০ টাকা ভাড়া দেন তিনি, কিন্তু বাসকর্মী তাঁর কাছে ৪৫ টাকা দাবি করেন।
বৃষ্টি বলেন, নিয়মিত ৩০ টাকা দিয়েই যাতায়াত করার কথা জানালে ওই কর্মী তাঁর দিকে ১০ টাকা ছুড়ে দিয়ে গাবতলীতে নেমে যেতে বলেন। সাভার যাওয়ার কথা বলার পর উঠিয়ে মাঝপথে নামতে বলার কারণ জানতে চাইলে ওই বাসকর্মী আপত্তিকর ও অপমানজনক ভাষায় কথা বলেন বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী শিক্ষার্থী আরও অভিযোগ করেন, ওই বাসকর্মী অন্য এক শিক্ষার্থীর সঙ্গেও খারাপ ব্যবহার করেন এবং এ সময় বাসের অন্য যাত্রীরা প্রতিবাদ জানান। পরে ওই কর্মী হুমকিসূচক কথা বলেন বলে দাবি করেন বৃষ্টি। তাঁর ভাষায়, তিনি নিজে থেকে বাসে ওঠেননি; বরং বাসের কর্মী গন্তব্য জেনে উঠিয়ে নেওয়ার পর ভাড়া নিয়ে আপত্তি করায় এমন আচরণের শিকার হয়েছেন।