
গাজীপুরে আজ বৃহস্পতিবারও (১৯ নভেম্বর) বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। লাঠিসোঁটা হাতে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। সালনা, মাস্টারবাড়ি ও শ্রীপুর এলাকায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি অনুকূলে রাখতে সংশ্লিষ্ট এলাকার কারখানাগুলো ছুটি দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার শ্রমিক আন্দোলন ছিল চান্দনা চৌরাস্তা, ভোগরা ও সাইনবোর্ড এলাকায়; তবে বৃহস্পতিবার সেসব এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর ও সদর উপজেলার কয়েকটি স্থানে আন্দোলনে নামেন শ্রমিকরা। পরে মাস্টারবাড়ি এলাকায় পুলিশ গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে শ্রমিকরা শ্রীপুর ও সালনা এলাকায় অবস্থান নিলে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অঞ্চলে কয়েকটি কারখানার শ্রমিকরা মহাসড়কে নামার চেষ্টা করছেন এবং তাঁদের বুঝিয়ে সরানোর চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তিনি আরও জানান, আজও বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে, যার সঠিক সংখ্যা পরে জানানো হবে।