
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিগত ১৭ বছরের শাসনামলের বিভিন্ন সহিংস কর্মকাণ্ড ও সাম্প্রতিক সহিংসতার চিত্র তুলে ধরে তীব্র সমালোচনা করেছেন মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পতিত ফ্যাসিবাদের পুনরুত্থান রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ফেসবুক স্ট্যাটাসে মারুফ কামাল খান লেখেন, লগি-বৈঠার তাণ্ডব থেকে শুরু করে ১৭ বছরে ওরা কতো লোককে নৃশংসভাবে হত্যা করেছে? কতো মানুষকে গুম করেছে? কতো মানুষ, কতো পরিবার নির্যাতিত হয়েছে ওদের পৈশাচিক উল্লাসে, ক্ষমতার মদমত্ততায়?
তিনি আরও উল্লেখ করেন, দেশের সর্বস্তরের মানুষের উত্তাল জাগরণ স্তব্ধ করতে ক্ষমতা ছেড়ে পালাবার আগে ওরা শিশু-নারী-তরুণসহ দেড় হাজারের বেশি মানুষকে নির্বিচারে গুলি করে মেরেছে। সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, ‘এখন আবার হারানো স্বর্গ ফিরে পেতে হামলা, সন্ত্রাস, বোমাবাজি ও অগ্নিসংযোগের মাধ্যমে আরও কতো লোককে ওরা হত্যা করবে? আরও কতো রক্ত ঝরাবে? আরও কতো ধ্বংসযজ্ঞ চালাবে?’
পোস্টে ফ্যাসিবাদের পুনরুত্থান রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জ্যেষ্ঠ এই সাংবাদিক বলেন, অনুশোচনাহীন সন্ত্রাসী ঘাতক পাতক ফ্যাসিবাদের পুনরুত্থানের আশঙ্কাকে রুখতে হবে যে-কোনো মূল্যে, সম্মিলিত প্রতিরোধে। আমরা নিরাপদে বাঁচতে চাই। নির্বিঘ্ন জীবন চাই। আমাদের এই শান্তির জনপদকে আমরা ফের শ্বাপদসংকুল অরণ্যে পরিণত করতে দেব না।
স্ট্যাটাসের শেষে তিনি যোগ করেন, ‘আমাদের মিলিত ক্রোধ, ঘৃণা ও প্রতিরোধে নিপাত যাক পতিত ফ্যাসিবাদ।’