
ইরানের সঙ্গে চলমান সংঘাত ও যুদ্ধ শেষ করতে চীন কিংবা রাশিয়ার কোনো ধরনের সহায়তার প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের আগে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের কারও সাহায্যের প্রয়োজন নেই। আমরা তাদের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পরাজিত করেছি।’ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের তুলনায় অনেক কমে গেছে দাবি করে তিনি জানান, তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন আগের মাত্রার মাত্র ১২ থেকে ১৩ শতাংশে নেমে এসেছে। তাঁর মতে, ইরান এখন চুক্তি করতে চায়, তাই যুদ্ধ বন্ধে তিনি কারও কাছে সাহায্য চাইতে যাবেন না।
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও বড় দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘হরমুজ প্রণালির ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।’ চীন ও রাশিয়ার অবস্থান প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশ দুটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ ভালো আচরণ করেছে এবং তারা এখন পর্যন্ত সমুদ্রে কোনো জাহাজও পাঠায়নি। ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি জানান, তেহরান একটি চুক্তি করতে চায়; তবে তিনি এমন একটি চুক্তি চান, যা দীর্ঘস্থায়ী হবে। যুদ্ধের পরিণতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প বলেন, ‘আমি শিগগিরই এর সমাপ্তি ঘটাব। যেভাবেই হোক, আমরা এটি শেষ করব।’
শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে একসঙ্গে বৈঠক করার গুরুত্ব নিয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, দুই নেতার মধ্যে ভালো সম্পর্ক রয়েছে এবং তারা একসঙ্গে কাজ করেন।
ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার আশঙ্কা ও হুঁশিয়ারি
ওয়াশিংটন ডিসিতে ইরানের ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, ইরান গ্যাস ও জীবাণু অস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে চিন্তাভাবনা করছে বলে কিছু ইঙ্গিত পাওয়া গেছে। তিনি বলেন, ‘এগুলো মোটেও ভালো কিছু নয়।