
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়ার দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুনের পাঠানো এই নোটিশে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা, পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা এবং জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
নোটিশের প্রাপক হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে রাখা হয়েছে। রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশদাতা স্পষ্ট করেছেন যে, এই উদ্যোগের সঙ্গে কোনো রাজনৈতিক দল বা কোনো পক্ষের অবস্থানের কোনো সম্পর্ক নেই; বরং সংবিধানের ২১ অনুচ্ছেদের ১ উপধারা অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার সাংবিধানিক দায়িত্ববোধ থেকেই সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে এটি পাঠানো হয়েছে।
নোটিশে জাতীয় নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরে বলা হয়েছে, দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকায় শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক ও সংবেদনশীল কূটনৈতিক তথ্য রয়েছে। প্রতিবেশী রাষ্ট্রে তাঁর দীর্ঘ অবস্থান এসব তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে ফাঁসের ঝুঁকি তৈরি করতে পারে এবং এর ফলে আন্তর্জাতিক সম্পর্কের অবনতি কিংবা ইয়েমেন বা ইউক্রেনের মতো আঞ্চলিক সামরিক সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার অংশ হিসেবে নোটিশে বেশ কিছু সুনির্দিষ্ট প্রশাসনিক ও আইনি প্রস্তাব দেওয়া হয়েছে:
কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী তাঁর আইনি আশ্রয় ও ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার কথা বলে সহযোগিতা চাওয়া।
হাইকমশিনের মাধ্যমে আত্মসমর্পণ: নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে প্রবেশ করে তিনি যাতে আইনানুগ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করতে পারেন, সেই সুযোগ তৈরি করা। ভিয়েনা কনভেনশন অনুযায়ী হাইকমিশন প্রাঙ্গণের অলঙ্ঘনীয়তা বজায় রেখে পুলিশের একটি প্রশিক্ষিত দল তাঁকে গ্রেপ্তার করে হেফাজতে নেবে।
ট্রাভেল পাস ও ফ্লাইট: হাইকমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে ট্রাভেল পারমিট ইস্যু করে বাণিজ্যিক বা বিশেষ চার্টার্ড বিমানে সার্বক্ষণিক পুলিশি পাহারায় তাঁকে দেশে ফিরিয়ে আনা।
টুঙ্গিপাড়ায় সাব-জেল স্থাপন: বিমানবন্দর থেকে জনশৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে তাঁকে সরাসরি পুলিশের হেলিকপ্টারে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈতৃক বাসভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে গঠিত বিশেষ উপ-কারাগারে রাখার প্রস্তাব।
এ ছাড়া বিচারিক প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারার বিধান অনুযায়ী আপিল বিভাগের সুযোগ গ্রহণ এবং আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুসরণ করে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে অন্যান্য দেওয়ানি ও ফৌজদারি মামলার হাজিরা ও সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করার প্রস্তাব রাখা হয়েছে।
নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে তা লিখিতভাবে অবহিত করার দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সাংবিধানিক অধিকার ও জনস্বার্থ রক্ষার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন (পিআইএল) দায়ের করা হবে বলে সতর্ক করা হয়েছে।