
স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের রাজশাহীর পৈতৃক বসতভিটার একটি ঘরের দেয়াল ভেঙে ফেলা হয়েছে এবং এর সঙ্গে লাগোয়া একটি পুরোনো বটগাছও কেটে ফেলা হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরের ঘোড়ামারা মহল্লার মিঞাপাড়ায় অবস্থিত ওই বসতভিটায় গিয়ে এই ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখা যায়। ঐতিহাসিক এই স্মৃতিবিজড়িত স্থানটি পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় সংস্কৃতিকর্মী ও ঋত্বিক ঘটকের অনুসারীরা।
সরজমিনে দেখা যায়, যে ঘরের দেয়ালটি ভাঙা হয়েছে, ঠিক এই ঘরেই পূর্বে ঋত্বিক ঘটকের ৯৯তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছিল এবং ঘরের দেয়ালে তাঁর প্রতিকৃতিসহ নির্মিত বিভিন্ন চলচ্চিত্রের নাম আঁকা ছিল। চলতি বছরের ৪ নভেম্বর এখানেই এই চলচ্চিত্র নির্মাতার ১০১তম জন্মবার্ষিকী পালন করা হয়। ঘটনাস্থলে কাজ করা নির্মাণশ্রমিক গোলাম মোস্তফা জানান, তাঁরা দৈনিক মজুরিতে কাজ করতে এসেছেন এবং দেয়ালের ভেতরে ঢুকে যাওয়া গাছের শিকড় ও ডালপালা কাটার পাশাপাশি পুরোনো দেয়াল ভাঙার কাজ করছিলেন। পরে কাজ বন্ধ রাখার নির্দেশ পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, কর্তৃপক্ষ তাঁদের টাকা দিয়ে রেখেছে বলেই তারা কাজ চালিয়ে যাচ্ছেন।
ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি ও স্থানীয় সংস্কৃতিকর্মী সূত্রে জানা যায়, ২০২৪ সালের পর থেকে এ পর্যন্ত তিন-চারবার এই বসতভিটাটি ভেঙে ফেলার পাঁয়তারা করা হয়েছে। প্রথমে বড় যন্ত্রপাতি দিয়ে বাড়ির একটি বড় অংশ গুঁড়িয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে শ্রমিক ও মিস্ত্রিদের মাধ্যমে ধীরে ধীরে অবশিষ্ট অংশও ভাঙার চেষ্টা চলছে। ঋত্বিক ১০১তম বর্ষপূর্তি উদ্যাপন কমিটির সদস্যসচিব আতিকুর রহমান বলেন, শ্রমিকেরা জায়গা পরিষ্কারের কথা বললেও মূলত সেখানে ভাঙার কাজ চলছিল, যা পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে থামানো হয়। তাঁর অভিযোগ, রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ এই ঐতিহাসিক স্থাপনাটি পুরোপুরি ধ্বংস করে জায়গাটি জবরদখল করার অপচেষ্টা চালাচ্ছে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বরেন্দ্র ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক ও সংস্কৃতিকর্মী পলি রানী বলেন, ঋত্বিক ঘটক শুধু এপার বাংলা বা ওপার বাংলার নন, তিনি বিশ্বজুড়েই সমাদৃত এক চলচ্চিত্র নির্মাতা। তাঁর স্মৃতিবিজড়িত এই বসতভিটা সবার সম্পদ, তাই এটি ভেঙে ফেলা কোনোভাবেই উচিত নয়। তিনি এখানে ঋত্বিক ঘটকের নামে একটি স্থায়ী চলচ্চিত্র কেন্দ্র বা আর্কাইভ গড়ে তোলার প্রস্তাব দেন।
ইতিহাস ঘেঁটে জানা যায়, ঋত্বিক কুমার ঘটক তাঁর জীবনের শুরুর সোনালী সময়টি এই পৈতৃক ভিটায় কাটিয়েছেন। পরবর্তীতে ১৯৮৯ সালে বাড়ির ৩৪ শতাংশ জমি তৎকালীন এরশাদ সরকার রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালকে ইজারা দেয়। এরপর ২০২০ সালে জেলা প্রশাসন বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে ২০২৪ সালের ৬ আগস্ট বাড়িটির তিনটি কক্ষ ভাঙা শুরু হয় এবং পর্যায়ক্রমে অবশিষ্ট অংশও ভেঙে ফেলার প্রক্রিয়া চলে। এমনকি ভাঙা ঘরের ইটের কিছু অংশও সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও কলেজের সভাপতি নাহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, বসতভিটার দেয়াল ঘেঁষে থাকা বটগাছ কাটার বিষয়টি তাঁর আগে জানা ছিল না এবং বিষয়টি জানার পরই তিনি তাৎক্ষণিকভাবে তা বন্ধ করে দিয়েছেন।