
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলের মাধ্যমে তিনি তাঁর পদত্যাগপত্র পাঠান। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, স্পিকার তাঁর এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ড. ওসমান ফারুক এবং সেখান থেকেই তিনি ই-মেইলে পদত্যাগপত্রটি পাঠিয়েছেন। অসুস্থতা ও বিদেশে অবস্থানের কারণে সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দিতে পারেননি। সে সময়ও যুক্তরাষ্ট্রে অবস্থানের বিষয়টি অবহিত করে সংসদ সচিবালয়ে একটি চিঠি দিয়েছিলেন তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক চলতি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং তৎকালীন বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও সফলভাবে পালন করেন।