
দেশে চিকিৎসা শিক্ষার প্রসার ও স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে আরও একটি নতুন সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। রাজধানীর ফুলবাড়িয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ‘সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ’ নামে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হবে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং উপসচিব মো. জাহিদ হাসান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।
প্রজ্ঞাপনে আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। অর্থাৎ প্রজ্ঞাপন জারির পর থেকেই নতুন এই সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের আনুষ্ঠানিক অনুমোদন কার্যকর হয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, নতুন এই মেডিক্যাল কলেজটি প্রতিষ্ঠিত হলে দেশের চিকিৎসা শিক্ষা ও সরকারি কর্মচারীসহ সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।