
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পথ অনুসরণ করার কোনো প্রয়োজন ইরানের নেই বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে ইসমাইল বাঘাই অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল প্রকাশ্যেই রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। একদিকে ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করে পরিকল্পিত গুপ্তহত্যা চালানো হচ্ছে, অন্যদিকে নির্বিচার হামলার শিকার হচ্ছেন সাধারণ বেসামরিক মানুষ।
বৈধ আত্মরক্ষার নীতিতে অটল ইরান: বাঘাই স্পষ্ট করে বলেন, এসব হামলার জবাবে ইরান আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ আত্মরক্ষা এবং দৃঢ় প্রতিরোধের নীতি অনুসরণ করছে। তবে প্রতিপক্ষের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর কোনো প্রয়োজন তেহরানের নেই। একইভাবে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করারও কোনো কারণ নেই। কারণ, ওই অঞ্চলের সাধারণ মানুষ ইতোমধ্যেই তাদের নেতাদের ভুল ও বিপর্যয়কর সিদ্ধান্তের চরম পরিণতি ভোগ করছে।
মার্কিন কর্মকর্তাদের বাংকারে আশ্রয় নিয়ে কটাক্ষ: মার্কিন কর্মকর্তাদের সামরিক বাংকারে আশ্রয় নেওয়ার প্রসঙ্গ টেনে ইরানের এই মুখপাত্র কটাক্ষ করে বলেন, কয়েক দিন ধরে যুদ্ধে জয়ের দাবি করার পর এখন তাদের বাংকারে আশ্রয় নেওয়ার বিষয়টি মূলত জনগণের সহানুভূতি আদায়ের একটি নাটক মাত্র।
তিনি আরও দাবি করেন, মার্কিন জনগণ ইতোমধ্যেই তাদের নেতাদের ধারাবাহিক মিথ্যাচারে বিরক্ত হয়ে উঠেছে। একই সঙ্গে সাধারণ আমেরিকানরা এখন বুঝতে পারছে যে, যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে