
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে নারীদের ওপর চলা কড়াকড়ি ও নানা ধরনের নিষেধাজ্ঞার পরিধি আরও প্রসারিত হয়েছে। দেশটির হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রগুলোতে পুরুষ চিকিৎসকদের মাধ্যমে নারী রোগীদের চিকিৎসা দেওয়ার ওপর একটি অঘোষিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গেছে। এর ফলে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন সাধারণ নারী ও রোগীরা।
এ বছরের শুরুর দিকে ইরান থেকে ফিরে এসে পশ্চিম আফগানিস্তানের হেরাত শহরে বসবাস শুরু করেন ৩৭ বছর বয়সি ফরিদা (ছদ্মনাম)। তীব্র দাঁতের ব্যথায় ভুগে গত জুলাইয়ের শুরুতে তিনি স্থানীয় একটি ডেন্টাল ক্লিনিকে যান। চিকিৎসক তার রুটিন চিকিৎসা ও ইমপ্ল্যান্টের প্রক্রিয়া শুরু করলেও তৃতীয় সেশনে গিয়ে তাকে জানানো হয়, “আমরা এই মুহূর্তে আপনার চিকিৎসা করতে পারব না। আপনি বাড়ি চলে যান, একটা সমস্যা হয়েছে।”
পরবর্তীতে খোঁজ নিয়ে ফরিদা জানতে পারেন, ‘মিনিস্ট্রি ফর দ্য প্রোপাগেশন অভ ভার্চু অ্যান্ড দ্য প্রিভেনশন অভ ভাইস’-এর নির্দেশ অনুযায়ী পুরুষ দন্তচিকিৎসকেরা আর কোনো নারী রোগীর চিকিৎসা করতে পারবেন না। এই নিষেধাজ্ঞার তিন মাস পেরিয়ে গেলেও তার চিকিৎসা আর শেষ হয়নি।
সারাদেশে ছড়িয়ে পড়া অঘোষিত নিষেধাজ্ঞা: দ্য গার্ডিয়ান ও জান টাইমসের প্রতিবেদন এবং বিভিন্ন চিকিৎসকের সাক্ষাৎকার অনুযায়ী, পুরুষ চিকিৎসকদের নারী রোগী দেখার এই নিষেধাজ্ঞা প্রকাশ্যে ঘোষণা না করা হলেও তা সারা দেশেই কার্যকর করা হয়েছে। দন্তচিকিৎসকেরা জানিয়েছেন, তালেবান নিরাপত্তা বাহিনী ক্লিনিকগুলোতে অভিযান চালিয়ে পুরুষ চিকিৎসকদের সতর্ক করে দিচ্ছে যে, ক্লিনিকে কোনো নারী রোগী পাওয়া গেলে তাদের কারাদণ্ড দেওয়া হবে।
কিছু ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে (যেমন নারীর সঙ্গে পুরুষ অভিভাবক বা মাহরাম থাকা) চিকিৎসার অনুমতি থাকলেও মাঠপর্যায়ে এর কড়াকড়ি চরম রূপ নিয়েছে। উত্তর আফগানিস্তানের বালখ প্রদেশে নারী রোগীদের আসল নাম ধরে ডাকা নিষিদ্ধ করে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নামের পরিবর্তে কেবল ‘বিবি’ শব্দটি ব্যবহার করা হয়। এমনকি প্রেসক্রিপশনেও এই নিয়ম কঠোরভাবে মানতে বলা হচ্ছে।
নারী চিকিৎসকের সংকট ও স্বাস্থ্যব্যবস্থার অবনতি: তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকেই নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর থেকে নারীরা মেডিকেল ইনস্টিটিউটগুলোতে পড়াশোনার অধিকার হারিয়েছেন। এছাড়া হাসপাতালগুলোতেও নারী কর্মী বা চিকিৎসক নিয়োগে নিষেধাজ্ঞা রয়েছে। বর্তমানে যে অল্প কয়েকজন নারী চিকিৎসক কর্মরত আছেন, তালেবানের নিয়ম অনুযায়ী তাদের সঙ্গেও পুরুষ অভিভাবক বা মাহরাম থাকা বাধ্যতামূলক।
আফগান নারীদের সামনে এখন কেবল তিনটি পথ খোলা রয়েছে,নিজেকে ও চিকিৎসকদের ঝুঁকিতে ফেলে চিকিৎসা নেওয়া, অদক্ষ ও ডিগ্রিহীন নারী স্বাস্থ্যকর্মীদের শরণাপন্ন হওয়া, অথবা নীরবে অসুখ নিয়ে ধুঁকে ধুঁকে বেঁচে থাকা। জালালাবাদের এক ডেন্টাল ক্লিনিকের সহকারী নার্গিস জানান, তালেবান কর্মকর্তাদের নজরদারি এড়াতে অনেক সময় চিকিৎসকেরা নানা কৌশল অবলম্বন করছেন, যা দেশটিতে ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থার করুণ চিত্রই ফুটিয়ে তোলে।