
ইয়েমেনে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে বড় ধরনের ধাক্কা খেয়েছে সৌদি আরব সমর্থিত সরকারি বাহিনী। লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মানদেব প্রণালি এলাকা থেকে পিছু হটে তারা দক্ষিণাঞ্চলীয় অস্থায়ী রাজধানী এডেনের দিকে সরে গেছে। একই সঙ্গে উপসাগরীয় দেশ বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান।
রোববার (১৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
ইয়েমেনে সৌদি সমর্থিত বাহিনীর পিছু হটা: ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে লড়াইরত প্রধান দক্ষিণাঞ্চলীয় সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাইজ প্রদেশের পশ্চিমাঞ্চলে ধুবাব বিমানবন্দর ও বাব আল-মানদেব এলাকা থেকে সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। এডেন ও আশপাশের প্রদেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতেই এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত সেপ্টেম্বরে লোহিত সাগরের উপকূল ও বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার পর হুতিদের অগ্রযাত্রা থামাতে গত মাসে পাল্টা অভিযান শুরু করেছিল সরকারি বাহিনী। তবে প্রণালির আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান পুনর্দখল করলেও উপকূলীয় শহর আল-মোখা পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত কৌশলগত এই এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার মাধ্যমে ওই অভিযান কার্যত সমাপ্তির ইঙ্গিত মিলল।
সামরিক সূত্র জানিয়েছে, প্রত্যাহার করে নেওয়া সরকারি বাহিনী এডেনের প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে আল-সুকিয়াহ এলাকায় নতুন অবস্থান নিয়েছে। এদিকে তাইজ অবরোধ করে রাখা হুতিদের কারণে শহরটিতে মানবিক পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। সর্বশেষ সংঘাতে বাস্তুচ্যুত তিন লাখ মানুষের প্রায় অর্ধেকই এই শহরে আশ্রয় নিলেও সেখানে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না।
বাহরাইনে ইরানের ড্রোন হামলা: ইয়েমেনের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলেও তীব্র উত্তেজনা ছড়িয়েছে। রোববার বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ জবাব দিতেই এই হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, বাহরাইন সরকার জানিয়েছে যে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের বেশ কয়েকটি ড্রোন সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে। হামলার আশঙ্কায় কিছু সময়ের জন্য দেশটিতে সতর্কতা জারি করা হয় এবং নাগরিকদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়। এর মাত্র দুই দিন আগেও বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি করেছিল আইআরজিসি, যদিও মার্কিন সামরিক বাহিনী সেসময় দুটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিল।