
বর্তমান সময়ে যাতায়াতের পথে, কর্মক্ষেত্রে কিংবা অবসর সময়ে সহজে কুরআন পড়ার সুযোগ থাকায় মুদ্রিত কুরআনের পাশাপাশি মোবাইল ফোনে পবিত্র কুরআন তিলাওয়াত করার প্রবণতা দিন দিন বাড়ছে। তবে ডিজিটাল স্ক্রিনে দেখে কুরআন তিলাওয়াত করলে মুদ্রিত কপি পড়ার মতো সওয়াব পাওয়া যাবে কি না তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে।
ইসলামি আলেম ও ফতোয়া বোর্ডের মতে, মোবাইল ফোনে কুরআন তিলাওয়াত করলেও তিলাওয়াতকারী সওয়াব লাভ করবেন। তবে মুদ্রিত কুরআন শরিফ বা মুসহাফ দেখে পড়া বেশি উত্তম। এ বিষয়ে ঢাকার মোহাম্মদপুরের দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস আব্দুল কাইয়ুমসহ দেশের বিশিষ্ট মুফতিগণ গুরুত্বপূর্ণ শরিয়তের ব্যাখ্যা দিয়েছেন।
মুদ্রিত কুরআনের বিশেষ ফজিলত: ইসলামি স্কলারদের মতে, ফিজিক্যাল মুসহাফ বা মুদ্রিত কুরআন শরিফ হাতে নিয়ে তিলাওয়াত করার মধ্যে বিশেষ কিছু ফজিলত ও আদব রয়েছে। মুসহাফ হাতে নিয়ে পড়া, সরাসরি আয়াতের দিকে তাকিয়ে অর্থ অনুধাবন করা এবং তা নিয়ে গভীর চিন্তাভাবনার সুযোগ তৈরি হয়। এসব বিষয় পবিত্র কুরআনের প্রতি বাড়তি সম্মান প্রদর্শনের পাশাপাশি ইবাদতের পূর্ণতা বাড়ায়। তবে হাত কাছে মুদ্রিত কুরআন না থাকলে মোবাইল অ্যাপ বা ডিজিটাল মাধ্যমে তিলাওয়াত করতে কোনো বাধা নেই এবং আল্লাহর রহমতে তিলাওয়াতকারী পূর্ণ সওয়াব লাভ করবেন।
মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কিছু বিধান: ফতোয়ার নির্দেশিকা অনুযায়ী, মোবাইল বা ডিভাইসের স্ক্রিনে যখন পবিত্র কুরআনের আয়াত দৃশ্যমান থাকে, তখন স্ক্রিনের ওই অংশটিকে কুরআনের পাতার মতো সম্মান করতে হয়। ফলে অজু ছাড়া সরাসরি স্ক্রিনের দৃশ্যমান আয়াতের ওপর হাত দেওয়া বা স্পর্শ করা জায়েজ নয়। তবে স্ক্রিন অফ থাকা অবস্থায় কিংবা ফোনের বডি ও ফ্রেম স্পর্শ করতে অজুর প্রয়োজন হয় না।
ইসলামি আইনবিদরা আরও উল্লেখ করেছেন, মুদ্রিত কুরআন দেখে তিলাওয়াত করা উত্তম হলেও ব্যক্তির জন্য যে পদ্ধতিতে মনঃসংযোগ, একাগ্রতা ও আন্তরিকতা বেশি বজায় থাকে, সেটিই তার জন্য অধিক উপযোগী ও ফলপ্রসূ হতে পারে। পাকিস্তানের জামিয়া ইসলামিয়া আল্লামা মুহাম্মদ ইউসুফ বানুরি টাউনের ফতোয়াতেও মুসহাফ দেখে তিলাওয়াতের বিশেষ ফজিলতের ওপর জোর দেওয়া হয়েছে।