
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে তুমুল বাকযুদ্ধে জড়িয়েছেন ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও পরীমনি। ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে অপু বিশ্বাসের একটি মন্তব্যের জেরে পরীমনির ব্যঙ্গাত্মক স্ট্যাটাসের পর এবার পালটা জবাবে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছেন অপু বিশ্বাস।
ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। সামাজিক মাধ্যমে এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস মন্তব্য করেন, “লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।” তার এই মন্তব্যের পরপরই নেটিজেনদের মাঝে আলোচনা শুরু হয়।
অপুর সেই বক্তব্যের জবাব দিতে গিয়ে ফেসবুকে এক দীর্ঘ পোস্টে তাকে কটাক্ষ করেন পরীমনি। পোস্টে অপুকে ‘পরগাছার রানি’ বলে খোঁচা দিয়ে পরীমনি লেখেন, “ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে, একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না। সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে। Get a life XD।”
অপু বিশ্বাসের পালটা জবাব: পরীমনির এমন তীর্যক খোঁচার জবাবে রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান অপু বিশ্বাস। পরীমনির ক্যারিয়ারের পরিসংখ্যান টেনে তিনি বলেন, “যার ২৫টা সিনেমার মধ্যে ২০টা সিনেমাই ফ্লপ, ৫টা আন্ডার প্রোডাকশন,সেই মানুষ আমার জায়গায়, আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না।”
ফেসবুক ব্যবহার ও সমালোচনা প্রসঙ্গে অপু আরও বলেন, “আমি ফেসবুক ওইভাবে ইউজ করি না। আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ড আছে, ওদের পোস্ট সামনে আসলে সেখানেই কমেন্ট করা হয়। যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা মূলত আমাকে বেচতে চায়।”
দুই শীর্ষ নায়িকার এই পালটাপালটি অবস্থানে ঢালিউড পাড়া ও নেটিজেনদের মাঝে এখন বেশ সরগরম আলোচনা চলছে।