
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোটে বড় ধরনের ভাঙনের সুর বেজে উঠেছে। নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীরা বিরোধী দল ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটের শিবিরকে জানিয়েছেন যে, উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের দল ‘ওতজমা ইহুদিত’ (জিউইশ পাওয়ার) কে ছাড়াই তারা একটি জাতীয় ঐক্য সরকার গঠনে প্রস্তুত রয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) ইসরাইলের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ইসরাইল হায়োম’-এ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহত্তর জোট সরকার গঠনের আলোচনা শুরু হলে লিকুদ পার্টি বেন-গভিরের দলকে জোটে রাখার বিষয়ে আর জোড়াজুড়ি করবে না। এমনকি আইজেনকোটের জোটের কয়েকজন নেতাকে নেতানিয়াহুর সহযোগীরা জানিয়েছেন যে, বেন-গভিরের মতো বিতর্কিত ও উগ্রপন্থি নেতাদের সরকারে না রাখার জন্য মার্কিন মিত্র ওয়াশিংটনের পক্ষ থেকেও পরোক্ষ চাপ রয়েছে। তবে ইসরাইল হায়োমে এই ধরনের কোনো বার্তা দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে নেতানিয়াহুর দল লিকুদ।
এদিকে সংবাদমাধ্যমে প্রকাশিত এই তথ্যের পর বেন-গভিরের দলের আইনপ্রণেতা টালি গটলিভ প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এই প্রতিবেদন তাদের আগের আশঙ্কাকেই সত্য প্রমাণ করেছে। নির্বাচনী প্রচারের সময়ই তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাদের দল বাদ দিয়েই আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্য সরকার গঠনের পাঁয়তারা করছেন।
নেতানিয়াহুর এই সম্ভাব্য অবস্থান তার আগের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। নির্বাচনের সময় তিনি ডানপন্থি রাজনৈতিক মিত্রদের সঙ্গে জোট অটুট রাখার দৃঢ় অঙ্গীকার করেছিলেন। সেই জোটে বেন-গভিরের পাশাপাশি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও রয়েছেন।
অন্যদিকে, ইসরাইলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে রাজনৈতিক সমীকরণ বেশ জটিল। বর্তমানে আইজেনকোটের জোটের আসন সংখ্যা ৪৮টি এবং নেতানিয়াহুর জোটের রয়েছে ৫৩টি আসন। এছাড়া আরব দলগুলোর হাতে রয়েছে ১৯টি আসন। ফলে এই মুহূর্তে দুই শিবিরের কারোরই এককভাবে সরকার গঠনের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নেই। গত ৮ নভেম্বর দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। আইজেনকোটের শর্ত হলো, লিকুদ পার্টি তাদের সরকারে যোগ দিতে পারবে, তবে তাদের অবশ্যই উগ্রপন্থি শক্তির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে।