
রাজনীতি ও রাজনৈতিক বৈরিতা পুরোপুরি দূরে সরিয়ে রাখলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠতে পারত এমনটাই বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ৪৭০ পৃষ্ঠার তার আসন্ন বহুল আলোচিত স্মৃতিকথা ‘প্রমিস মি, আমেরিকা’-তে হোয়াইট হাউসে নিজের মেয়াদকাল, স্বাস্থ্যগত নানা লড়াই এবং রাজনৈতিক জটিলতার পাশাপাশি ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বেশ কিছু চমকপ্রদ তথ্য তুলে ধরেছেন তিনি।
বইটির শুরুর দিকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে বেশ কড়া ভাষায় আক্রমণ করেছেন বাইডেন। বিশেষ করে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা এবং ২০২০ সালের নির্বাচনের ফলাফল অস্বীকার করার ঘটনাকে স্মরণ করে তিনি ট্রাম্পকে দায়ী করেছেন এবং এটিকে ‘যেকোনো মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বে অবহেলার অন্যতম নিকৃষ্ট উদাহরণ’ বলে অভিহিত করেছেন।
তবে এর সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরে বাইডেন ট্রাম্পের অন্য একটি সৌহার্দ্যপূর্ণ রূপের কথাও উল্লেখ করেছেন। ২০২১ সালের ২০ জানুয়ারি বাইডেন যখন শপথ নেন, সে সময় হোয়াইট হাউসে তার জন্য একটি প্রশংসা ও শুভকামনাভরা চিঠি রেখে গিয়েছিলেন ট্রাম্প। এছাড়া ২০২৪ সালের নির্বাচনের পর ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক বাইডেনকে রীতিমতো অবাক করেছিল।
বইয়ের বর্ণনামতে, সেই বৈঠকে ট্রাম্প তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘শুনুন জো, যদি রাজনীতি না থাকত, আমি বিশ্বাস করি আমরা ভালো বন্ধু হতে পারতাম। রাজনীতি না থাকলে আমরা আমাদের পুরো সময় একসঙ্গে গলফ খেলে কাটিয়ে দিতাম।’ ট্রাম্পের এমন অপ্রত্যাশিত ও নমনীয় আচরণে জো বাইডেন কিছুটা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন এবং তাঁর মনে হয়েছিল কথাগুলো যেন কোনো পুরনো বন্ধুর মুখ থেকেই আসছে।
স্মৃতিকথার অন্যান্য অংশে বাইডেন তার দ্বিতীয় মেয়াদের পুনঃনির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত এবং পরবর্তীতে প্রবল চাপের মুখে তা থেকে সরে দাঁড়ানোর নেপথ্য গল্পও খোলাসা করেছেন। বয়স ও সক্ষমতা নিয়ে চলা বিতর্কের জবাবে তিনি লিখেছেন, তিনি কেবল নিজের দায়িত্ব সততার সঙ্গে পালন করে যাচ্ছিলেন। তবে জুনের শেষভাগে ট্রাম্পের সঙ্গে সেই বিপর্যয়কর বিতর্কের কথা অকপটে স্বীকার করেছেন ৮৩ বছর বয়সি বাইডেন। তিনি জানান, ওই বিতর্কের সময় তিনি খেই হারিয়ে ফেলেছিলেন এবং ‘আমরা অবশেষে বিগ ফার্মাকে হারিয়েছি’ বলতে গিয়ে ভুলবশত বলে ফেলেছিলেন ‘আমরা অবশেষে মেডিকেয়ারকে হারিয়েছি।’
ওই বিতর্কের পরই ডেমোক্রেটিক পার্টির ভেতর তীব্র অসন্তোষের সৃষ্টি হয়। বাইডেন জানান, প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক নেতা ন্যান্সি পেলোসি এবং সিনেট নেতা চাক শুমারের সঙ্গে ব্যক্তিগত বৈঠকে তারা তাকে প্রার্থিতা প্রত্যাহার করার অনুরোধ জানান। ন্যান্সি পেলোসি তাকে সতর্ক করেছিলেন যে সব জনমত জরিপ তার পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে। শেষ পর্যন্ত প্রবল রাজনৈতিক চাপের মুখে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান বাইডেন এবং কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট পদে লড়াই করার সুযোগ করে দেন। অবশ্য পরবর্তীতে একটি ইতালীয় রেস্তোরাঁয় দুপুরের খাবারের মাধ্যমে ন্যান্সি পেলোসির সঙ্গে তার সম্পর্কের বরফও গলে গিয়েছিল।
স্মৃতিকথায় জো বাইডেন আরও প্রকাশ করেছেন যে, ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আচরণে তিনি কতটা হতাশ হয়েছিলেন। বর্তমানে চতুর্থ ধাপের প্রোস্টেট ক্যানসারের সঙ্গে লড়াই করা এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট বইটিতে কোভিডের বিরুদ্ধে তাঁর প্রশাসনের লড়াই এবং আফগানিস্তান থেকে বিতর্কিত সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকেও দৃঢ়ভাবে সমর্থন করেছেন।