
বিএনপির প্রবীণ রাজনীতিবিদ ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরে গিয়েছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন। চিকিৎসা শেষে আজ রোববার সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য তিনি চাঙ্গি বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে অবস্থানকালেই তিনি হঠাৎ শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। পরিস্থিতি গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে বিমানবন্দর থেকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ও পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে সিঙ্গাপুরে তার সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী বিলকিস আকতার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার। পরিবার ও দলের পক্ষ থেকে ড. খন্দকার মোশাররফ হোসেনের আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।