
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৬ জন। রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘আইআরএনএ’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে ইরাক সীমান্তবর্তী আবদানান ও দেহলোরান শহরের মধ্যবর্তী অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে আইআরএনএ জানায়, বাসটি একটি গ্যাস শোধনাগারের কর্মীদের বহন করে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গেলে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয় এবং ১৬ জন আহত হন।
স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ফলে চিকিৎসাধীন অবস্থায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবদানান কাউন্টির গভর্নর বেহজাদ নুরমোহাম্মাদি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। দুর্ঘটনাস্থলে ৩২ সদস্যের ১২টি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। পাশাপাশি আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিতে ছয়টি অ্যাম্বুলেন্স এবং ছয়টি সহায়তা ও উদ্ধারকারী যান মোতায়েন করা হয়েছিল। কী কারণে বাসটি দুর্ঘটনার কবলে পড়ল, তা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, ইরানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির উচ্চ হার দীর্ঘকাল ধরেই একটি বড় জাতীয় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশটির সরকারি লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের গত জুন মাসের প্রকাশিত তথ্য অনুযায়ী, কেবল মার্চ মাস পর্যন্ত আগের ১২ মাসের হিসাবেই দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।