
নভেম্বরের মাঝামাঝি সময়ে এসে উত্তাল হয়ে উঠছে বঙ্গোপসাগর। সাগরে সৃষ্ট একটি গভীর লঘুচাপ আরও ঘনীভূত হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) রাতের মধ্যেই এটি নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিলে বিশ্ব আবহাওয়া সংস্থার নিয়ম অনুযায়ী এর নাম হবে ‘আকভান’।
প্রাথমিক গাণিতিক ও আবহাওয়ার বিশ্লেষণ বলছে, গভীর লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের গতিপথ এখনো সুনির্দিষ্টভাবে নিশ্চিত করা না গেলেও, এর গতিপথের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও রয়েছে। শেষ পর্যন্ত এটি কোন উপকূলের দিকে আঘাত হানবে, তা জানতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী ১৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে। বৃষ্টির পর আকস্মিকভাবে তাপমাত্রা কমে গিয়ে দেশের কোথাও কোথাও চলতি মৌসুমের প্রথম মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতি বিবেচনায় ইতিমধ্যে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত শনিবার জারি করা এক বিশেষ আবহাওয়া বার্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং সাগরে না যাওয়ার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।