
ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর পেরিয়ে গেলেও উপকূলীয় জনপদ শরণখোলায় এখনো কাটেনি আতঙ্ক। ২০০৭ সালের ১৫ নভেম্বর আঘাত হানা সেই ঘুর্ণিঝড় কেড়ে নিয়েছিল প্রায় তিন হাজার মানুষের প্রাণ, যার মধ্যে শুধু সুন্দরবনসংলগ্ন শরণখোলা উপজেলাতেই সরকারি হিসাবে ৯০৮ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। তবে দুবলারচরের শুঁটকিপল্লির নিখোঁজ জেলেদের হিসাব ধরলে বেসরকারিভাবে প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি।
১৯ বছর পরও শরণখোলায় এখনো দৃশ্যমান রয়েছে সিডরের সেই ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন। সেদিন নাজুক বাঁধ ভেঙে বলেশ্বর নদের জলোচ্ছ্বাসে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল পুরো জনপদ। সিডরের দীর্ঘ ৯ বছর পর বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারে ৬২ কিলোমিটার দীর্ঘ উঁচু বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এর মধ্যে বলেশ্বর নদের তীরে সাউথখালীর বগি থেকে শুরু করে ফাঁসিয়াতলা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার ঝুঁকিপূর্ণ এলাকায় বাঁধ নির্মাণ করা হলেও হস্তান্তরের তিন বছর না যেতেই তা ব্যাপক ক্ষতির মুখে পড়ে।
বর্তমান পরিস্থিতিতে ২৫ কিলোমিটার তীররক্ষাবাঁধের প্রায় ১৩ কিলোমিটার মূল বাঁধে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। মাঝেমধ্যে জিও ব্যাগ ডাম্পিং বা জোড়াতালি দিয়ে মেরামতের চেষ্টা করা হলেও তা কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। এলাকাবাসীর অভিযোগ, সম্ভাব্যতা যাচাই ও নদীশাসনের ব্যবস্থা না রেখে অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের কারণেই এই দুর্গতি। মাটির পরিবর্তে বালুর পরিমাণ বেশি থাকায় সামান্য বৃষ্টিতেই বাঁধের ওপর বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে, যা মানুষ ও যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী করে তুলেছে। নদী ভাঙনের এই দৃশ্য উপকূলবাসীকে ফিরিয়ে আনে সিডরের সেই ভয়ংকর রাতের দুঃসহ স্ম স্মৃতিতে।
সিডরে স্বজন ও সর্বস্ব হারানো মালেকা বেগম, সিদ্দিকুর রহমান ও শাহ আলমের মতো স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, নভেম্বর মাস এলেই তাদের মনে সিডরের কালরাতের আতঙ্ক ভর করে। সেদিন যদি টেকসই বাঁধ থাকত, তবে এত বড় ক্ষয়ক্ষতি হতো না। শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি ও সাউথখালী ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন পঞ্চায়েত অভিযোগ করেন, নদীশাসন ছাড়া টেকসই বাঁধ নির্মাণ অসম্ভব জেনেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও তৎকালীন সরকার অদূরদর্শিতার পরিচয় দিয়েছে এবং ব্যাপক দুর্নীতি হয়েছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল জানিয়েছেন, শরণখোলার বগি এলাকায় প্রায় ৫০০ মিটার অংশে জিও ব্যাগ ও ব্লক ডাম্পিংয়ের প্রাথমিক কাজ চলছে এবং ধসে যাওয়া সিসি ব্লক প্রতিস্থাপন করা হয়েছে। তবে তিনি স্বীকার করেন যে, ১৩ কিলোমিটার এলাকা মারাত্মক ঝুঁকিতে রয়েছে এবং স্থায়ী সমাধান বা নদীশাসনের জন্য প্রায় ৫০০ কোটি টাকার প্রয়োজন। বর্তমানে এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে এবং সমীক্ষা শেষে প্রস্তাব পাঠানো হবে।