
ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে স্ত্রীসহ পরিবারের সাত সদস্যকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে অভিযুক্ত ৫২ বছর বয়সী গাড়িচালক ইন্দুশেখর ওরফে শেখরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের কাছে জবানবন্দিতে তিনি বলেছেন, পরিবারের সদস্যদের হত্যার পর তিনি এখন ‘শান্তিতে আছেন এবং সন্তুষ্ট’।
শনিবার বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ এবং সম্পত্তির বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদে ইন্দুশেখর দাবি করেছেন, তার স্ত্রী সুনিথা সবসময় তাকে অপমান করতেন এবং স্ত্রীর পরিবারের সদস্যরাও তাকে অসম্মান করতেন। এমনকি তারা সবসময় স্ত্রীর পক্ষ নিয়ে চলতেন, যা তার মধ্যে চরম ক্ষোভের জন্ম দিয়েছিল।
পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে, এই হত্যাকাণ্ডে অভিযুক্তের মেয়েও সরাসরি জড়িত ছিলেন। মায়ের সম্পত্তি তার নিজের নামে লিখে দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে মেয়ে বাবাকে এই হত্যাকাণ্ডে সহযোগিতা করতে রাজি হন বলে অভিযোগ রয়েছে। হত্যাকাণ্ডের পর মরদেহ দ্রুত সরিয়ে ফেলা, বাড়ির বিভিন্ন স্থানে থাকা রক্তের দাগ মুছে ফেলার জন্য রাসায়নিক উপকরণ সংগ্রহ করা এবং নিয়মিত ঘর পরিষ্কার করে আলামত নষ্ট করার কাজে বাবাকে সহায়তা করেছিলেন মেয়ে।
তদন্তকারীদের মতে, বেঙ্গালুরুর শ্রীপুরম এলাকায় প্রায় ৩ কোটি রুপি মূল্যের একটি সম্পত্তি নিয়ে বিরোধই এই হত্যাকাণ্ডের অন্যতম প্রধান অনুঘটক। শাশুড়ির কাছে ওই সম্পত্তির বড় একটি অংশ দাবি করেছিলেন ইন্দুশেখর। তবে তার শাশুড়ি নিজের দুই ছেলের স্বার্থের কথা চিন্তা করে তাকে কেবল আইনগত ও ন্যায্য অংশ দেওয়ার কথা জানিয়েছিলেন। আর এই আক্রোশ থেকেই পুরো পরিবারকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেন তিনি।
পুলিশের তথ্য অনুযায়ী, হত্যার শিকার হওয়ার পর নিহতদের আঙুলের ছাপ স্ট্যাম্প পেপারে নেওয়ারও চেষ্টা করেছিলেন অভিযুক্ত। সম্পত্তি ও সংশ্লিষ্ট নথিপত্রের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার উদ্দেশ্যেই এমন ঘৃণ্য পরিকল্পনা করা হয়েছিল বলে ধারণা করছেন তদন্তকারীরা। এমনকি মরদেহগুলো বিভিন্ন স্থানে ফেলে দিয়ে পুলিশের চোখ ফাঁকি দেওয়ার পরিকল্পনা ছিল বাবা-মেয়ের। পুলিশকে কখনোই ধরা পড়বেন না বলেও মেয়েকে আশ্বস্ত করেছিলেন ইন্দুশেখর।
গত ১৬ থেকে ৩১ অক্টোবরের মধ্যে সংঘটিত এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ইন্দুশেখরের স্ত্রী সুনিথা, শাশুড়ি রূপাবতী, দুই শ্যালক শিবকুমার ও শঙ্কর, তাদের স্ত্রী নলিনী ও দিব্যা এবং সাত বছর বয়সী নাতি পুনিত।
পুলিশ জানিয়েছে, গত ১৬ অক্টোবর প্রথমে স্ত্রী সুনিথাকে শিলপাটা দিয়ে আঘাত করে হত্যা করেন ইন্দুশেখর। পরে তার মরদেহ নন্দী পাহাড়ের কাছে ফেলে দেওয়া হয়। এরপরের দুই সপ্তাহে বিভিন্ন অজুহাত ও পানাহারের আয়োজন কিংবা বেড়াতে যাওয়ার কথা বলে পরিবারের অন্য সদস্যদের নিজ বাড়িতে ডেকে নিয়ে একে একে নৃশংসভাবে হত্যা করেন তিনি