
যুক্তরাষ্ট্রের জব্দ করা বিভিন্ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহার করে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করছে ইরান। শুধু তাই নয়, এসব উন্নত সরঞ্জামের ভেতরের প্রযুক্তি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে নিজস্ব দেশীয় অস্ত্রব্যবস্থার আধুনিকায়নেও কাজ করে যাচ্ছে তেহরান।
শনিবার (১৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি-র (IRGC) অ্যারোস্পেস ফোর্স কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি এক সাক্ষাৎকারে এই কৌশলের কথা প্রকাশ করেন।
ইরানের সরকারি বার্তা সংস্থা মেহর-এর সূত্রে জানা যায়, রাশিয়ার শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা নোভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি জানান, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের কাছ থেকে জব্দ করা সামরিক সরঞ্জামগুলো গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষা করার মূল উদ্দেশ্য কেবল সেগুলোর হুবহু অনুকরণ করা নয়; বরং এসব সরঞ্জামের অন্তর্নিহিত কাঠামো এবং উন্নত প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা নিজেদের কাজে লাগানোই তাদের মূল লক্ষ্য।
তিনি আরও স্পষ্ট করে জানান, এসব মার্কিন যুদ্ধাস্ত্র ও প্রযুক্তি নিয়ে দীর্ঘমেয়াদি গবেষণার মাধ্যমে ইরানি বিশেষজ্ঞরা সম্পূর্ণ নতুন ধারণা ও সর্বাধুনিক অস্ত্রের নকশা উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যা ভবিষ্যতে দেশটির নিজস্ব সামরিক চাহিদা পূরণে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের ভূরাজনৈতিক উত্তেজনা এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে নিজেদের সামরিক শিল্পকে আত্মনির্ভরশীল করে তুলতে দীর্ঘদিন ধরেই নানা উদ্ভাবনী পথ বেছে নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সামরিক হার্ডওয়্যার রিভার্স-ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তিগত বিশ্নেষণের মাধ্যমে নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তিতে তা সফলভাবে প্রয়োগ করার দাবি তেহরানের সামরিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।