
পাকিস্তানের বিপক্ষে আজকের গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচে আরও বেশি সংখ্যায় দর্শককে মাঠে এসে দলকে সমর্থন জানানোর অনুরোধ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মার্কিন কোচ থমাস ডুলি। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত গ্যালারিতে থেকে ফুটবলারদের উৎসাহ জোগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, শেষ বাঁশি না বাজা পর্যন্ত কেউ যেন গ্যালারি ছেড়ে না যান। ম্যাচের অন্তিম সময়ে বাড়তি যে শক্তির প্রয়োজন হয়, তা জোগাতে দর্শকদের চিৎকার ও সমর্থন অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি।
গত ম্যাচের কথা উল্লেখ করে ডুলি বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে গ্যালারিতে প্রায় আট থেকে নয় হাজার আসন খালি ছিল, তবে আজ পাকিস্তানের বিপক্ষে সেই আসনগুলো দর্শকে পূর্ণ থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিষ্যদের পারফরম্যান্সে দারুণ আত্মবিশ্বাসী কোচ থমাস ডুলি জানান, দলের ফুটবলারদের কাছ থেকে তিনি ঠিক যে বিষয়টি চেয়েছিলেন, মাঠে সেটিই পেয়েছেন এবং এই ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ নিশ্চিতভাবেই সামনে এগিয়ে যাবে। সেমিফাইনালের আগে নিজের ভাবনা খোলাখুলি প্রকাশ করে তিনি বলেন, এই টুর্নামেন্টে বাংলাদেশ যে দলগুলোর বিপক্ষে খেলছে, তারা ইন্দোনেশিয়া কিংবা ইউরোপের শীর্ষ পর্যায়ের কোনো দল নয়; বরং তারা সাফ অঞ্চলেরই প্রতিপক্ষ। তাই তাদের চোখে চোখ রেখে লড়াই করার পূর্ণ সামর্থ্য বাংলাদেশের রয়েছে। তবে শেষ পর্যন্ত জয়-পরাজয় নির্ভর করবে কার জয়ের ক্ষুধা বেশি তার ওপর।
দলের আলোচিত ‘নাম্বার নাইন’ বা স্ট্রাইকার সমস্যা নিয়েও কথা বলেন কোচ। চার গোল করতে পারাটা দলের জন্য স্বস্তির উল্লেখ করে তিনি স্পষ্ট করেন যে, ইব্রাহিম প্রকৃত অর্থে নাম্বার নাইন নন, বরং তিনি মূলত নাম্বার টেন কিংবা ইলেভেন পজিশনের খেলোয়াড়। নাম্বার নাইন হিসেবে খেলতে হলে প্রতিপক্ষের রক্ষণভাগের এমন বিপজ্জনক জায়গায় ঢুকতে হয় যেখানে শারীরিক আঘাত পাওয়ার ঝুঁকি থাকে, যা অনেক খেলোয়াড়ই নিতে চান না; কিন্তু গত ম্যাচে ইব্রাহিম সেই সাহস দেখিয়েছেন। হামজা ওই ম্যাচে খেললে সামান্য ব্যবধানে মিস হওয়া তিনটি সুযোগ কাজে লাগিয়ে এক থেকে তিনটি গোল করতে পারতেন বলেও মন্তব্য করেন তিনি।
তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহেদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ডুলি জানান, ফারহানের পারফরম্যান্সে তিনি অত্যন্ত খুশি। পেনাল্টি বক্সের ভেতরে ড্রিবলিং করা ফারহানের বিশেষত্ব, যা দলের জন্য বড় একটি সুবিধা। ছোটখাটো গড়নের, দ্রুতগতির এবং ভালো টেকনিকসম্পন্ন এমন একজন খেলোয়াড় প্রতিপক্ষের রক্ষণভাগকে সবসময় চাপে ও দুশ্চিন্তায় রাখে বলে উল্লেখ করেন কোচ।
শ্রীলঙ্কার বিপক্ষে ফারহান যা করেছেন, পাকিস্তানের বিপক্ষেও একই নৈপুণ্য দেখাবেন এবং তার কারণে দলের পেনাল্টি পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন ডুলি। এ ছাড়া বাংলাদেশের খেলায় প্রতিপক্ষও মুগ্ধ হয়েছে জানিয়ে কোচ বলেন, ম্যাচ শেষে শ্রীলঙ্কা দলের চার-পাঁচজন জার্মান বংশোদ্ভূত খেলোয়াড় এসে বাংলাদেশের পারফরম্যান্সকে অবিশ্বাস্য বলে অভিহিত করেছেন এবং বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয়, তাও কৌতূহল নিয়ে জানতে চেয়েছেন।