
ইরান যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীতে তেল পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় বিকল্প পথ বেছে নিয়েছে ওপেকের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরাক।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, স্থলপথে পরিবহন খরচ তুলনামূলক বেশি হওয়া সত্ত্বেও সিরিয়ায় দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটায় এই রুটটি ইরাকের জন্য পুনরায় আকর্ষণীয় ও নিরাপদ বিকল্প হয়ে উঠেছে। যদিও ইরাক তার মোট তেলের অধিকাংশই পারস্য উপসাগরীয় টার্মিনালগুলোর মাধ্যমে রপ্তানি করে, তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ভারী অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর ক্ষেত্রে সিরিয়ার এই রুটটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
ইরাকের রাষ্ট্রায়ত্ত বসরা অয়েল কোম্পানির (বিওসি) মহাপরিচালক বাসেম আব্দুল করিম জানিয়েছেন, ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা ‘সোমো’ (SOMO)-এর সঙ্গে চুক্তির আওতায় কাতারি জ্বালানি গ্রুপ ‘ইউসিসি হোল্ডিং’ (UCC Holding) গত মাস থেকে ট্রাকে করে এই তেল পরিবহন শুরু করেছে।
প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ইউসিসি হোল্ডিংয়ের বহরে ইতোমধ্যেই ৬ হাজার ট্যাংকার ট্রাক রয়েছে, যা বাড়িয়ে ১০ হাজারে উন্নীত করার কাজ চলছে।
তুবা সংরক্ষণাগারের ব্যবস্থাপক লুয়াই জাওয়াদ জানান, গত ২৬ অক্টোবর চুক্তিটি কার্যকর হওয়ার পর থেকে ইউসিসি ইতোমধ্যে প্রায় ১৬ লাখ ব্যারেল তেল লোড করেছে। রয়টার্সের পর্যালোচনা করা একটি নথি অনুযায়ী, গত ১৪ অক্টোবর থেকে পরবর্তী তিন মাসে প্রতি ব্যারেলে ৩৮ ডলার ছাড়ে মোট ৫০ লাখ থেকে ১ কোটি ৪০ লাখ ব্যারেল ভারী অপরিশোধিত তেল পরিবহনের পরিকল্পনা রয়েছে ইউসিসির। চুক্তির শর্ত অনুযায়ী, সিরিয়ার ভেতর দিয়ে ট্রাকিং ও আনুষঙ্গিক পরিবহন খরচ বাবদ প্রতি ব্যারেলে প্রায় ১২ ডলার পাবে ইউসিসি।
সিরিয়ার ভূমধ্যসাগরীয় বানিয়াস বন্দরে তেল পৌঁছানোর পর সেখান থেকে জাহাজে করে তা গ্রিস, ইতালি ও তুরস্কসহ ভূমধ্যসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের তেল শোধনাগারে সরবরাহ করা হচ্ছে। তবে ট্রাক সরবরাহের সীমাবদ্ধতা ও অন্যান্য অবকাঠামোগত বাধার কারণে অদূর ভবিষ্যতে এই রুটে তেল পরিবহনের পরিমাণ এর চেয়ে বেশি বাড়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, ওপেকের সর্বশেষ মাসিক প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবর মাসে ইরাক প্রতিদিন প্রায় ৪৫ লাখ ব্যারেল তেল উৎপাদন করেছে, যা তার আগের মাসের তুলনায় প্রায় ৫ লাখ ব্যারেল বেশি।