
দেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দাম। এক দিনের ব্যবধানে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই মূল্য শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন নির্ধারিত দাম অনুযায়ী এখন থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায় বিক্রি হবে। এর আগে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমে যাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন এই দাম নির্ধারণ করেছে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিং। টানা পাঁচ দফায় স্বর্ণের দাম কমায় ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।