
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ ও সাইনবোর্ড ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক পৌনে ১টার দিকে একদল দুর্বৃত্ত শাখা কার্যালয়ে এই হামলা চলায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার সময় দুষ্কৃতকারীরা 'জয় বাংলা' স্লোগান দিয়ে পালিয়ে যায়।
বুধবার (১১ নভেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান।
তিনি জানান, গভীর রাতে দুর্বৃত্তরা প্রথমে ব্যাংকের বাইরের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয় এবং কার্যালয়ের থাইগ্লাস ভাঙচুর করে। পালানোর মুহূর্তে কার্যালয়ের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ব্যাংকের ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকার শুনলে বাড়ির মালিক, কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও নিশ্চিত করেন যে, দ্রুত আগুন নেভানোর ফলে ব্যাংকের কোনো গুরুত্বপূর্ণ নথি বা কাগজপত্রের ক্ষতি হয়নি। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণে পুলিশকে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই রাতে পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার সকালে পুলিশের অপর একটি অনুসন্ধানী দল ঘটনাস্থল থেকে আলামত ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।