
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়ায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যুবদলের চার ইউনিয়ন পর্যায়ের নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রবিন আহমেদ সামান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।
শোকজপ্রাপ্ত চার নেতা হলেন উপজেলার খলসী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কুদ্দুস মিয়া, বাচামারা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, বাঘুটিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নাজমুল হুদা এবং চকমিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শফিক মোল্লা।
দলীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে সম্প্রতি দলীয় ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার গুরুতর অভিযোগ ওঠে। এ ধরনের কর্মকাণ্ডের জন্য কেন তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার সন্তোষজনক ব্যাখ্যা তলব করা হয়েছে।
নোটিশের নির্দেশনা অনুযায়ী, আগামী সাত কার্যদিবসের মধ্যে উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সালাহ্উদ্দিন সেলিম ও সদস্যসচিব মো. আব্দুস সালামের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন এবং অভিযোগের সপক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে কিংবা তাদের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হলে দলীয় গঠনতন্ত্র ও বিধি অনুযায়ী পরবর্তী চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে।