
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর। সোমবার (৯ নভেম্বর) রাতে বুরকা গ্রামে ইসরায়েলি সেনাদের অভিযানের সময় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মোতাজ আইয়াদ দাগলাস। মঙ্গলবার (১০ নভেম্বর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে তার মরদেহ ইসরায়েলি কর্তৃপক্ষ নিজেদের হেফাজতে রেখেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার (ওয়াফা) প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের সময় ১৭ বছর বয়সী এক কিশোর পেটে ও কোমরের কাছে গুলিবিদ্ধ হয়। আরেক ১৯ বছর বয়সী তরুণের হাতে গুলি লাগে। আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীও বুরকা গ্রামে গুলির ঘটনার কথা স্বীকার করেছে। তাদের দাবি, ইসরায়েলি যানবাহন লক্ষ্য করে পাথর ছোড়া ঠেকাতে সেনারা গুলি চালিয়েছিল। এতে কয়েকজন গুলিবিদ্ধ হন।
এদিকে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটির অভিযোগ, আহতদের কাছে পৌঁছাতে তাদের অ্যাম্বুলেন্সকে বাধা দেয় ইসরায়েলি সেনারা। এ সময় উদ্ধারকাজে অংশ নেওয়া তিন স্বেচ্ছাসেবী চিকিৎসাকর্মীকেও আটক করা হয়। ওয়াফার প্রতিবেদনে আরও বলা হয়েছে, অভিযানের সময় নিহত কিশোরের বাবাকেও আটক করা হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলা, গ্রেপ্তার এবং উচ্ছেদের ঘটনা বেড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই সময় থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হাতে অন্তত ১ হাজার ১৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫০ জন শিশু।