
বগুড়ার ধুনট উপজেলায় জিয়ারুল ইসলাম (৪৫) নামে এক আদম ব্যবসায়ীর যৌন লালসার শিকার হয়ে ১৩ বছর বয়সী এক হতদরিদ্র কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এই ঘৃণ্য ঘটনায় সোমবার (৯ নভেম্বর) সকালে ভুক্তভোগী কিশোরীর বড় বোন বাদী হয়ে জিয়ারুলকে একমাত্র আসামি করে ধুনট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত জিয়ারুল ইসলাম ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের জোরখালী গ্রামের সাত্তার আলীর ছেলে।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর দিনমজুর মা-বাবার বসতবাড়ি অভিযুক্ত জিয়ারুলের বাড়ির পাশেই অবস্থিত। প্রতিবেশী হওয়ার সুবাদে কিশোরীর ওই বাড়িতে যাতায়াত ছিল। এই সুযোগে গত ১০ এপ্রিল দুপুর আড়াইটার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে কিশোরীকে কৌশলে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন জিয়ারুল। পরবর্তীতে বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের ভয়ভীতি দেখানো হয়।
ভয়ের কারণে কিশোরী দীর্ঘ দিন চুপ থাকলেও গত এক মাস ধরে তাকে বারবার ভয় দেখিয়ে দফায় দফায় ধর্ষণ করা হয়। সম্প্রতি কিশোরীর শারীরিক বিভিন্ন উপসর্গ দেখা দিলে পরিবারের লোকজন গত ৮ নভেম্বর তাকে ধুনট শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষার মাধ্যমে চিকিৎসকেরা নিশ্চিত হন যে ১৩ বছর বয়সী ওই কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা।
ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত আদম ব্যবসায়ী জিয়ারুল ইসলাম এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থার আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।